নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনালে সকাল থেকেই শুরু হয়েছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে প্রতিবারের মতো এবারও যাত্রীদের পিছু ছাড়েনি ভোগান্তি; তীব্র বাস সংকট ও শিডিউল বিপর্যয়ের পাশাপাশি দূরপাল্লার পরিবহনে যাত্রীপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
অগ্রিম টিকিট না পেয়ে চরম ভোগান্তির শিকার হওয়া অনেক যাত্রীকে বাধ্য হয়ে লোকাল বাসে দাঁড়িয়ে কিংবা ইঞ্জিনের ওপর বসেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।
সোমবার (২৫ মে) সকাল ৯টার দিকে রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকার বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে, রাস্তার পাশে শত শত ঘরমুখো মানুষ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে একের পর এক ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস; সেই সঙ্গে নিয়মিত পরিবহনের পাশাপাশি বিভিন্ন রুটে লোকাল বাসও চলাচল করে ।