সারাদেশ

গাঁজার চাষ, কুড়িগ্রামে পুলিশের অভিযানে উদ্ধার ৪ গাছ

গাঁজার চাষ, কুড়িগ্রামে পুলিশের অভিযানে উদ্ধার ৪ গাছ

গাঁজার চাষ, কুড়িগ্রামে পুলিশের অভিযানে উদ্ধার ৪ গাছ

কুড়িগ্রাম সংবাদদাতা:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সুপারি বাগানের আড়ালে গাঁজার চাষের অভিযোগে অভিযান চালিয়ে চারটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযুক্ত ব্যক্তি বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মো. শবেদ আলীর ছেলে মো. মাজেদুল ইসলাম মঞ্জুর দুটি পৃথক সুপারি বাগান থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি এবং প্রায় ২ ফুট উচ্চতার আরও দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

অভিযানের সময় অভিযুক্ত মঞ্জু বাড়িতে না থাকায় তাকে আটক করা যায়নি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। এলাকায় তিনি মাদকসেবন ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি হিসেবে পরিচিত বলেও দাবি করেন তারা।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, ‘মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় বিস্তীর্ণ সুপারি বাগান থাকায় কিছু মাদক কারবারি এসব বাগানকে আড়াল হিসেবে ব্যবহার করে গাঁজার চাষ করছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’