যশোরে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত
অনলাইন ডেক্স:
র্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত ও প্রার্থনার মধ্য দিয়ে যশোরে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে পুলিশ সুপার রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ দলটির নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া এনসিপির যশোর জেলা সমন্বয়কারী নূরুজ্জামানের নেতৃত্বে দলটির নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পর্যায়ক্রমে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।