জাতীয় বিজ্ঞান উৎসবে পুরস্কৃত ৬ শিক্ষার্থী
অনলাইন ডেস্ক:
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, গবেষণামুখী চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৬’। গতকাল শুক্রবার সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মেমোরিয়াল হলে এ উৎসবের আয়োজন করে পদ্মা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম এডুকেশন কর্নার (পিইএমএফইসি)। আয়োজনে সহযোগিতা করে পদ্মা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ও হা-মীম গ্রুপ।
উৎসবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সদরপুরের চন্দ্রপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে এবং পিইএমএফইসির সাধারণ সম্পাদক এস এম আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন হা-মীম গ্রুপ ও চ্যানেল টোয়েন্টিফোরের পরিচালক এবং দৈনিক সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল (অব.) ফারুক ইয়া আযম, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, চাষিজীবী কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক এস এম শাহজাহান, সিনিয়র শিক্ষক মজিবর রহমান, আমজাদ হোসেন পলাশ, হারুনার রশীদ ও ইলিয়াস হোসেন, অ্যাপোলো স্পেশালাইজড হাসপাতাল ফরিদপুরের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন এবং সরকারি রাজেন্দ্র কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি সালাহউদ্দীন খান।
বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিনির্ভর ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত বিজ্ঞান উৎসব আয়োজনের ওপরও তারা গুরুত্বারোপ করেন।
উৎসবে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নেয়। উত্তরপত্র মূল্যায়নের ভিত্তিতে ‘এ’ ও ‘বি’–দুই ক্যাটাগরিতে মোট ছয়জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।