সিটি-জেলা পরিষদের পর ইউপিতেও বিএনপি নেতার প্রশাসক নিয়োগ
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক হিসেবে বিএনপি-সংশ্লিষ্ট নেতাদের দায়িত্ব দেওয়ার ধারাবাহিকতায় এবার রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদেও দলটির এক নেতা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রকাশিত প্রজ্ঞাপনে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরনবী ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের ইউপি সদস্য এবং তিনজন মহিলা দল নেত্রীকে সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ দায়িত্ব পানএভাবে নারায়ণগঞ্জের তিন স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে।
এর আগে জামায়াতের নেতারা নারায়ণগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে ‘একদলীয়করণ’ হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন। নতুন এ নিয়োগের পর সেই অভিযোগ আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের একাংশের মতে, প্রশাসক হিসেবে রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের দায়িত্ব দিলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে সরকার আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে এ ধরনের নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
তাদের দাবি, প্রশাসক নিয়োগের পরিবর্তে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব ফিরিয়ে দেওয়া উচিত।
তবে সংশ্লিষ্টদের মতে, মেয়াদোত্তীর্ণ এবং বিভিন্ন কারণে কার্যক্রমে স্থবির হয়ে পড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সচল রাখতেই প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে।