আদালতে বিচারকের ছুড়ে মারা পেপারওয়েটে ফাটল আইনজীবীর মাথা
গোপালগঞ্জ সংবাদদাতা:
গোপালগঞ্জে আদালত চলাকালীন সময়ে বিচারকের ছুড়ে মারা একটি পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ এক নারী আইনজীবী আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত আইনজীবী সাবিহা সুলতানাকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে জেলা আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২২ জুলাই বুধবার গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার আদালতে বিচার কার্যক্রম চলাকালে আদালতকক্ষের পেছনের সারিতে কয়েকজন আইনজীবী নিজেদের মধ্যে কথা বলছিলেন। এ সময় বিচারক তাদের লক্ষ্য করে একটি কাচের পেপারওয়েট ছুড়ে মারেন।
ওই পেপারওয়েট শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লাগলে তিনি রক্তাক্ত হন। পরে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার নিন্দা জানিয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান বলেন, বিচারকের এমন আচরণ অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এম এ আলম সেলিম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।