ঈদুল আজহায় সড়কে ২৮১ প্রাণহানি
অনলাইন ডেস্ক :
গত ঈদুল আজহার আগে-পরে ১৩ দিনে দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ২২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত মোট দুর্ঘটনার মধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনাই ঘটেছে ১৪১টি, যাতে ১২৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া সামগ্রিক সড়ক দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন যানবাহনের চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন। সড়ক পথের পাশাপাশি এ সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন এবং ২২টি রেল দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু ও ৯ জন আহত হয়েছেন।
এসব দুর্ঘটনায় মোট ৫০৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫৭টি মোটরসাইকেল, ৯৩টি থ্রি-হুইলার (ইজিবাইক, সিএনজি, অটোরিকশা, অটোভ্যান), ৭৯টি বাস, ৬১টি ট্রাক, ২৪টি পিকআপ, ১৮টি স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমন, ভটভটি, মাহিন্দ্র), ১১টি কাভার্ডভ্যান, ১১টি প্রাইভেটকার, ১২টি প্যাডেল রিকশা ও বাইসাইকেল এবং অন্যান্য বিভিন্ন যানবাহন।