মাজার দিঘির কুমিরকাণ্ড
শিশু ফাতেমার মৃত্যুর পর পরিবার ফিরে পেল মা ফজিলা
বাগেরহাট সংবাদদাতা:
প্রায় সাড়ে তিন বছর আগের কথা। এক ঝড়ের দিনে ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মানসিক ভারসাম্যহীন ফজিলা খাতুন। ময়মনসিংহ সদরের চর হরিচাঁদ গ্রাম থেকে নিখোঁজের পর হন্য হয়ে খুঁজেছে পরিবার। তাকে ফিরে পাওয়ার আশা একসময় ছেড়েও দিয়েছিল স্বজনরা। তবে বাগেরহাটে কুমিরের হামলায় ফাতেমার মৃত্যুর খবরই শেষ পর্যন্ত পরিবারের সঙ্গে ফজিলার পুনর্মিলনের কারণ হয়ে দাঁড়ায়।
ফজিলার পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। প্রায় সাড়ে তিন বছর আগে ঝড়-বৃষ্টির একদিন ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর তাদের খুঁজে পাওয়া যায়নি।
এদিকে গত এক বছরেরও বেশি সময় ধরে ফজিলা খাতুন তার মেয়ে ফাতেমাকে নিয়ে বাগেরহাটে হযরত খান জাহান (রহ.)-এর মাজার এলাকায় বসবাস করছিলেন। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ছিলেন ‘ফাতেমার মা’ নামে। কেউই তার প্রকৃত পরিচয় জানতেন না।
গত সোমবার রাতে মাজার-সংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণের শিকার হয় শিশু ফাতেমা। একদিন পর মঙ্গলবার ভোরে দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার সংশ্লিষ্ট কুমিরটিকেও দিঘি থেকে সরিয়ে নেওয়া হয়।
ফাতেমার মৃত্যুর খবর ও ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বুধবার সেগুলো দেখে ফজিলার পরিবার। ছবি দেখে তারা নিশ্চিত হয়, নিহত শিশুটি তাদের পরিবারের ফাতেমা এবং তার সঙ্গে থাকা নারীটি নিখোঁজ ফজিলা খাতুন। এরপরই পরিবারের সদস্যরা ময়মনসিংহ থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা দেন।
পরিবারের দেওয়া জাতীয় পরিচয়পত্র, নিহত ফাতেমার টিকাকার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে প্রশাসন ফজিলার পরিচয় নিশ্চিত করে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে মাজার এলাকায় পৌঁছে তারা ফজিলাকে খুঁজে পান। সন্তান হারানোর তিন দিন পর পরিবারের সদস্যদের সঙ্গে বসে খাবার খান তিনি। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফজিলার ভাই হারেজ আলী বলেন, সকালে এসে দেখি, আমার বোন মাজারের পূর্ব পাশে একটি ঘরের সঙ্গে হেলান দিয়ে শুয়ে আছে। আমাকে দেখে উঠে বসে। পরে তাকে ফাতেমার কবরের কাছে নিয়ে যাই। তখন সে শুধু বলছিল, ‘কুমির আমার বাচ্চাকে খাইছে। কুমির আমারেও খাইয়া ফেলুক। আমি মেয়েকে ছেড়ে যাবো না।’
ফজিলার মা হাজেরা খাতুন বলেন, ‘আমার ছয় সন্তানের মধ্যে ফজিলা সবচেয়ে বড়। আমাকে দেখে সে বলছিল, ‘আমার মেয়েকে না দিলে আমি যামু না।’ নাতনির জন্য এখন আমার মন কাঁদে। ছোটবেলা থেকে আমিই তাকে মানুষ করেছি।’
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, পরিবারের দেওয়া তথ্য ও কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি ময়মনসিংহে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত করা হয়েছে। সবকিছু যাচাইয়ের পর ফজিলা খাতুনকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
কুমির সরিয়ে নেওয়ায় মাজারের খাদেমদের ক্ষোভ
এদিকে ঐতিহাসিক হযরত খান জাহান (রাহ.) এর মাজার-সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটিকে সরিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মাজারের ব্যবস্থাপনায় থাকা খাদেমরা। বুধবার দুপুরে প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ দিঘি কুমিরকে সরিয়ে নেয়। এখন বন বিভাগের তত্ত্বাবধায়নে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পূনর্বাসন কেন্দ্রে আছে কুমিরটি।
কুমিরটি নিয়ে যাবার পর মাজারের প্রধান খাদেম ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘খান জাহান আলীর মাজার এবং এই দিঘি সাড়ে ৫০০ বছর ধরে আমাদের পরিবার এবং আমরা দেখভাল করে আসছে। হ্যাঁ, আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে। এটা (কুমির) বাগেরহাটের মানুষের একটা সম্পদ। দুর্ঘটনা যে কোনো জায়গায় হতে পারে। তাই বলে কুমিরটি নিয়ে যাওয়া ঠিক হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’
কুমির দেখার জন্য এখানে দূরদূরান্ত থেকে মানুষ উল্লেখ করে তিনি আরও বলেন, কুমিরকে অনতিবিলম্বে এখানে দেওয়া হোক। এর নিরাপত্তার জন্য যে ব্যবস্থা হোক, আমরা সব প্রশাসনের সহযোগিতা নিবো এবং আমরা তা করবো।
গত দুই দিন মাজারে আসা অন্তত ১০ জন দর্শনার্থী বলেছেন, কুমির মাজারের একটি ঐতিহ্য। কুমির না থাকলে ঐহিত্য থাকবে না। নিরাপত্তা ব্যবস্থা ভাল করে এখানে রাখা উচিত।
স্থানীয়রা বলছেন, এখানে কুমির না থাকলে দিঘিটি মাছ চাষের জন্য দখল হয়ে যাবে। কুমিরের একটা দীর্ঘ ঐতিহ্য আছে। নিরাপত্তার সঙ্গে এখানে আবার কুমির ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। প্রতিদিন এখানে হাজারও পর্যটক আসেন। এটা সরকারের রাজস্ব আয়ের সুযোগ তৈরি করবে।
তবে নিরাপত্তার জন্য কুমির সরিয়ে নেওয়াকে স্বাগত জানিয়েছেন অনেক দর্শনার্থী। তারা বলছেন, কোনো মৃত্যুই তো কাম্য না। কুমিরকে আপাতত সরিয়ে নেওয়া ঠিক আছে।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী ও কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, সুন্দরবনে আমরা তো কুমির থেকে বাচ্চা ফোটাচ্ছি। প্রশাসন যদি কঠোর হয়, বাইরের যদি কোন হস্তক্ষেণ না থাকে তবে ওই দিঘির এক পাড়ে একটি কুমির প্রজনন কেন্দ্র গড়ে তোলা সম্ভব।