বিনোদন

৮৩ বছরেও থামছেন না বিগ বি, কেবিসি ১৮-এর সেটে দুর্ঘটনার কবলে অমিতাভ বচ্চন

৮৩ বছরেও থামছেন না বিগ বি, কেবিসি ১৮-এর সেটে দুর্ঘটনার কবলে অমিতাভ বচ্চন

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি১৮’ (কেবিসি১৮)-এর শুটিং চলাকালে আচমকাই পিছলে পড়ে যান বিগ বি। এতে তাঁর বাঁ হাঁটুতে চোট লাগে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রচারিত ‘কেবিসি ১৮’-এর পর্বে অমিতাভ বচ্চন নিজেই দর্শকদের সামনে বিষয়টি প্রকাশ করেন। প্রতিদিনের মতো এদিনও স্বাগতিক হিসেবে স্টেজে এসে অনুষ্ঠান শুরু করার কথা থাকলেও, হাঁটুর ব্যথার কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল তাঁর। তাই সূচনা পর্বেই মঞ্চের মাঝখানে না দাঁড়িয়ে, চেয়ারে বসে দর্শকদের সামনে কথা বলেন এ কিংবদন্তি অভিনেতা।

দর্শকদের চোট পাওয়ার কথা জানিয়ে অমিতাভ বলেন, আগের দিনের শুটিং চলাকালে হঠাৎ করেই পিছলে পড়ে যান তিনি এবং বাঁ হাঁটুতে আঘাত পান। প্রিয় তারকার মুখ থেকে এই খবর শুনে স্টুডিওতে উপস্থিত দর্শকসহ অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা যায়।

তবে ভক্তদের আশ্বস্ত করে ৮৩ বছর বয়সী এই মেগাস্টার জানান, চোট খুব একটা গুরুতর নয় এবং চিকিৎসকের পরামর্শ মেনে স্বাভাবিকভাবেই তিনি কেবিসির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনা সত্ত্বেও শুটিং থামাননি এই বর্ষীয়ান অভিনেতা, যা আবার প্রমাণ করল কাজের প্রতি তাঁর অপার প্রতিশ্রুতি ও পেশাদারত্ব।