রাজধানীর উত্তরখান থানা সংলগ্ন তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির (২৮) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উত্তরখানের রাজাবাড়ী ঘাট সংলগ্ন নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
নৌ পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ প্রাপ্ত খবরের ভিত্তিতে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল রাজাবাড়ী ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে।
ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মৃতের পরনে সাদা পায়জামা ও কালো জামা ছিল। লাশ উদ্ধারের সময় তার পকেটে একটি আইফোন এবং হাতে একটি হাতঘড়ি পাওয়া যায়। পরবর্তীতে এই আইফোনের মাধ্যমেই উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়।
বর্তমানে তাহসিফ সৌরির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তিনি কীভাবে পানিতে পড়লেন কিংবা মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।




