ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে আলোচনায় আসার পর এবার বাংলাদেশে ফিরছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পারফর্মার হিসেবে মঞ্চ মাতাবেন তিনি।
একটি বিশেষ ভিডিও বার্তায় সঞ্জয় নিজেই বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি ফিফা বিশ্বকাপের মঞ্চে ‘সির সির’ পরিবেশন করে আলোচনায় আসেন এই সংগীতশিল্পী। ওই অনুষ্ঠানে রয়েল বেঙ্গল টাইগারের ছবি সংবলিত বিশেষ জ্যাকেট পরে নিজের বাংলাদেশি পরিচয়ও তুলে ধরেন তিনি।
বাংলাদেশে পারফর্ম করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সঞ্জয় দেব বলেন, ‘ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অনুভূতিটা একেবারেই আলাদা। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে সেই আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য টেকনোকে অনেক ধন্যবাদ।’
এদিকে, টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সঞ্জয় বাংলাদেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক অটুট রেখে তার সংগীতকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে তাকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
রেজওয়ানুল হক আরও বলেন, ফুটবল ও সংগীতের এমন শক্তি রয়েছে, যা ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করে। উদ্বোধনী রাতটি দর্শকদের জন্য আনন্দ, উচ্ছ্বাস ও স্মরণীয় মুহূর্তে ভরপুর করে তুলতে চান তারা, যা দর্শকদের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।
টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে সঞ্জয় দেবের সংগীত পরিবেশনা। আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার পর এবার দেশের দর্শকদের সামনে নিজের সংগীতের জাদু ছড়িয়ে দিতে আসছেন তিনি। তার পরিবেশনা টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা আয়োজকদের।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল এ প্রতিযোগিতায় অংশ নেবে।




