সর্বশেষ

দুর্গম সীমান্ত থেকে হেলিকপ্টারে সিএমএইচে নেওয়া হলো বিজিবি সদস্যকে

দুর্গম সীমান্ত থেকে হেলিকপ্টারে সিএমএইচে নেওয়া হলো বিজিবি সদস্যকে

দুর্গম সীমান্ত থেকে হেলিকপ্টারে সিএমএইচে নেওয়া হলো বিজিবি সদস্যকে

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

৬ জুন শনিবার দুপুর ১ টার দিকে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি থেকে লিংক টহলে দায়িত্ব পালনকালে চিম্বুলুই বিওপির কাছাকাছি এলাকায় পৌঁছালে হঠাৎ তার বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা ও অবশভাব অনুভূত হয়।

ঘটনার পর ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার পিলখানায় বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তার মধ্যে বাম-পার্শ্বীয় হেমিপ্যারেসিস-জনিত উপসর্গ দেখা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজিবি জানায়, দুর্গম পার্বত্য এলাকায় অবস্থানরত সদস্যকে দ্রুত উন্নত চিকিৎসার আওতায় আনতে অপারেশন ও চিকিৎসা শাখার সমন্বয়ে হেলিকপ্টার মোতায়েন করা হয়। বিজিবির হেলিকপ্টারটি দুপুর ২টা ৩৬ মিনিটে চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে অবতরণ করে।

এ রিপোর্ট লেখার সময় (শনিবার সন্ধ্যা ৭টা) হাবিলদার মো. এলাহান মিয়া চট্টগ্রাম সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যকে বাহিনীর গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। দায়িত্ব পালনকালে কোনো সদস্য অসুস্থ বা আহত হলে তার জীবনরক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সদস্যদের কল্যাণ, নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিজিবি কাজ করে যাচ্ছে।