সারাদেশ

চুয়েটে জামাল নজরুল স্মারক সেমিনার

চুয়েটে জামাল নজরুল স্মারক সেমিনার

চুয়েট প্রতিনিধি:

বাংলাদেশের প্রখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ প্রয়াত অধ্যাপক জামাল নজরুল ইসলামের জীবন, কর্ম ও গবেষণার প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় চুয়েটের গণিত বিভাগের আয়োজনে প্রি-ইঞ্জিনিয়ারিং ভবনের ভিডিও কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার এবং বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়েট ম্যাথ ক্লাবের মডারেটর ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। সঞ্চালনা করেন গণিত বিভাগের প্রভাষক সমেন বৈরাগী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, দেশপ্রেম ও মানবকল্যাণ অধ্যাপক জামাল নজরুল ইসলামের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। তিনি নিজের উপার্জনের একটি অংশ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার জন্য ব্যয় করতেন। একজন প্রকৃত শিক্ষকের এই মানবিক দৃষ্টান্ত সবার জন্য অনুসরণীয়।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে গণিতের দক্ষতা ছাড়া টেকসই প্রযুক্তিগত উন্নয়ন কল্পনা করা যায় না। তাই শিক্ষার্থীদের গণিতভিত্তিক গবেষণা, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি ও উদ্ভাবনী সক্ষমতা অর্জনে গুরুত্ব দিতে হবে।

অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব বলেন, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি দেশের বিশিষ্ট গণিতবিদদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় চুয়েটের গণিত বিভাগ, চুয়েট ম্যাথ ক্লাব ও বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির সহযোগিতায় চট্টগ্রামে প্রথমবারের মতো এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ম্যাথ ক্লাবের প্রায় ২০ জন সদস্য সেমিনারে অংশগ্রহণ করেন। এছাড়া চুয়েটের বিভিন্ন বিভাগ এবং গণিত বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও সেমিনারে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেমিনারটির পৃষ্ঠপোষক ছিল বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি। আয়োজনে সহযোগিতা করে চুয়েট ম্যাথ ক্লাব ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ম্যাথ ক্লাব।