সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পর্যটক এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই কাসফিয়া (২০) প্রাণ হারান। গুরুতর আহত বাকি তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন মো. রুবেল (৩০), তাঁর বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সী শিশুকন্যা এবং রুবেলের শিশুকন্যা; তাঁদের বাড়ি কাইম্যার ঘোনা এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের উদ্দেশে রওনা হওয়া সিএনজিটি অরক্ষিত কাটিরমাথা রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেনের ধাক্কায় পড়ে। স্থানীয়দের ভাষ্যমতে, রেলক্রসিংটিতে কোনো গেট বা গেটম্যান না থাকায় এবং রাস্তার দুই পাশে বড় গাছের কারণে ট্রেন চলাচল সহজে দেখা যায় না, ফলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।




