টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আইসিজের রায় ঘোষণার পরদিন শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। ক্যাম্পে পৌঁছালে শরণার্থীরা তাঁকে স্বাগত জানান। সফরকালে তিনি সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগ, অনিশ্চয়তা ও নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার আকুল আকাঙ্ক্ষার কথা শোনেন।
ক্যাম্পে উপস্থিত রোহিঙ্গা ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ড. খলিলুর রহমান বলেন, এক বিশেষ ও ঐতিহাসিক মুহূর্তে তিনি শরণার্থীশিবিরে এসেছেন। গতকাল আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার মামলায় যে রায় দিয়েছেন, তা আদালতের ইতিহাসে একটি মাইলফলক। রায় বাস্তবায়নের বাধ্যবাধকতা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানতে মিয়ানমার বাধ্য; নইলে এর ফল ভালো হবে না। তিনি স্পষ্ট ভাষায় জানান, রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা ও নৃশংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে রোহিঙ্গাদের হারানো অধিকার, পরিচয় ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার পর রোহিঙ্গারা যেন পুনরায় নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার না হন, সেজন্য তাদের নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা এবং সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। ভয়ভীতিহীন পরিবেশে মর্যাদার সঙ্গে বসবাসের নিশ্চয়তা দিয়েই তাদের নিজ দেশে ফেরার পথ তৈরি করতে হবে বলে উল্লেখ করেন তিনি। এ সময় ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা চিরদিন শরণার্থীশিবিরে থাকতে চান না; বরং নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা পেলেই মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যেতে চান।




