সারাদেশ

বড়াইগ্রামে র‌্যাবের টাউনহল সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে র‌্যাবের টাউনহল সভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম প্রতিনিধি:

"নিরাপদ নাটোর গঠনে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব" প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোরের উদ্যোগে একটি টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, মোবাইল ও ইমো অ্যাকাউন্ট হ্যাকিং এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।

ডিএডি আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন র‌্যাব-৫-এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মোয়াজ্জেম হোসেন, বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, জ্যেষ্ঠ ডিএডি কৃষ্ণপদ সরকার, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. কামাল হোসেন, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর রহমান, সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গোমেজ এবং ডিএডি মো. জহুরুল হক।

সভায় বক্তারা যুবসমাজের মধ্যে মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংয়ের বিস্তার, ইভটিজিং, মোবাইল ও ইমো অ্যাকাউন্ট হ্যাকিং এবং বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন। তারা এসব অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে র‌্যাবের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং অভিভাবকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সভায় সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।