বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় নাজমুল ঠাকুরকে প্রাথমিক সদস্যপদসহ দলটির সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগের গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শে এবং জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবির গণমাধ্যমকে বলেন, “নাজমুল ঠাকুরের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এদিকে দলীয় এই বহিষ্কার আদেশের বিষয়ে অভিযুক্ত নেতা মো. নাজমুল ঠাকুরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।