সারাদেশ

নান্দাইলে মক্তবের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

নান্দাইলে মক্তবের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

 

অভিযুক্ত ব্যক্তির নাম হেলাল উদ্দিন ওরফে বেলাল মুন্সি (৫৫)। তিনি উপজেলার শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্বে রয়েছেন এবং সংগ্রামখেলী গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মামলাটি নথিভুক্ত হওয়ার বিষয় নিশ্চিত করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

ঘটনা ও পরিবারের অভিযোগ

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদের মক্তবে পড়া শেষে শিশুটিকে একা পেয়ে বেলাল তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। শিশুটি বাধা দিয়ে চিৎকার করলে তার মুখ চেপে ধরা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি জানালে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। পরিবারের দাবি, তারা স্থানীয় গণমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েও কোনো সুরাহা পাননি; বরং অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।

পক্ষের বক্তব্য ও রাজনৈতিক প্রতিক্রিয়া

অভিযোগ অস্বীকার করে হেলাল উদ্দিন বলেন, জমিজমা ও গভীর নলকূপ সংক্রান্ত বিরোধের জেরে একটি পক্ষ তার কাছে ১০ লাখ টাকা দাবি করেছিল। ওই টাকা না দেওয়ায় তাকে মিথ্যা অপবাদে ফাসানো হচ্ছে।

নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির শামসুদ্দিন বলেন, "বিষয়টি ভিত্তিহীন মনে হলেও আমাদের কাছে আসা অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সংগঠনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। সত্য প্রমাণিত হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, শিশুটির বাবার এজাহারের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।