বিশ্ব

ভারতে শিক্ষাসফরে গিয়ে ট্র্যাজেডি: সমুদ্রের ঢেউয়ে তলিয়ে গেল ৮ শিক্ষার্থী

ভারতে শিক্ষাসফরে গিয়ে ট্র্যাজেডি: সমুদ্রের ঢেউয়ে তলিয়ে গেল ৮ শিক্ষার্থী

এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, পুনের আলান্দির একটি বেসরকারি কোচিং সেন্টার ‘উইনার্স একাডেমি’ থেকে ৪৮ সদস্যের একটি দল শিক্ষাসফরে দিভেগার সৈকতে গিয়েছিল। দলটিতে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ৬ জন শিক্ষক ছিলেন।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

প্রায় ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতে পৌঁছায় শিক্ষার্থীরা। সেখানে পৌঁছানোর পর উৎসুক ৮ জন শিক্ষার্থী সমুদ্রে গোসল করতে নামে। তবে পানির গভীরতা এবং সমুদ্রের টান না বুঝতে পারায় মুহূর্তের মধ্যেই তীব্র স্রোত তাদের গভীর সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় ‘ভাউ মারুতি সালুনখে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর মালিক ভাউ সালুনখে ও তার সহযোগীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তারা সমুদ্র থেকে ৮ শিক্ষার্থীর নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন।

পরবর্তীতে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত শিক্ষার্থীদের পরিচয়

মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীরা হলো: ১. তানময় দত্তাত্রেয় ভাহিলে ২. সুমিত ভারত আহিরে ৩. প্রণব রামদাস বনসোদে ৪. কৈবল্য সতীশ ওয়াসানকার ৫. রাজবীর যুবরাজ ভাহিলে ৬. যশ কিরণ ওয়ানখেড়ে ৭. সোহম তুকারাম ভান্ডওয়ালকার ৮. কৌশ্তুভ সন্দীপ দাউন্ড

রাজ্য সরকারের প্রতিক্রিয়া ও তদন্তের নির্দেশ

ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

অন্যদিকে, রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন দুর্ঘটনার আসল কারণ ও কোচিং সেন্টার কর্তৃপক্ষের অবহেলা খতিয়ে দেখতে কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শিক্ষাসফরে শিক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন নীতিমালা তৈরির কথা জানিয়েছেন তিনি।