গত ৩০ সেপ্টেম্বর ১৭৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে রওনা দিয়েছিল ফ্লাইদুবাইয়ের ‘এফজেড১০৭৩’ (FZ1073) ফ্লাইটটি। ফ্লাইট চলাকালীন ককপিটের ভেতর হঠাৎই সহ-পাইলটের আকস্মিক হামলার শিকার হয়ে গুরুতর আহত হন ক্যাপ্টেন স্মিত মচ্ছার। তবে মারাত্মক আঘাত ও শারীরিক যন্ত্রণা উপেক্ষা করেই তিনি অসাধারণ সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। তিনি ককপিটের দরজা খুলে দেওয়ায় বিমানের ক্রু ও যাত্রীরা দ্রুত হস্তক্ষেপ করতে সক্ষম হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়।
এই সাহসী পাইলটের বীরত্বে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলিউড বাদশা শাহরুখ খান লিখেছেন, “ক্যাপ্টেন স্মিত মচ্ছার, যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন আপনি পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে নিজের নিরাপত্তা বিসর্জন দিয়ে যাত্রীদের রক্ষা করেছেন।” এই কাজকে দায়িত্ব ও সাহসিকতার এক অনন্য নিদর্শন বলে উল্লেখ করে শাহরুখ আরও জানান, পুরো দেশ তাকে নিয়ে গর্বিত।
অন্যদিকে, সালমান খানও ক্যাপ্টেনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, “কামাল করে দিয়েছেন পাইলটজি, আমরা সবাই আপনাকে স্যালুট জানাই। আপনার সঙ্গে বিমানে ভ্রমণ করাটা সত্যিই দারুণ আনন্দের হবে।”
ক্যাপ্টেন স্মিত মচ্ছারের এই অদম্য সাহস ও দায়িত্ববোধের গল্প এখন বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।