আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকারের (৪৬)। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ধানক্ষেত থেকে তাঁকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
আটক হাজী মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এড়াতে মজনু সরকার সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেতে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে ডিবি পুলিশের একটি দল।
আটকের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।



