সচিবালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আইজিপি, স্বরাষ্ট্র সচিব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা অংশ নেন। সভায় জানানো হয়, বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকাগুলোতে আধুনিক নজরদারির অংশ হিসেবে পর্যাপ্ত সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে এবং তা সরাসরি পুলিশ কন্ট্রোল রুম থেকে তদারকি করা হবে। গোয়েন্দা সংস্থা ও এসবিকে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ঢাকা-সাভার সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। একই সঙ্গে বঙ্গভবন, সোহরাওয়ার্দী উদ্যানসহ সারা দেশের অনুষ্ঠানস্থলগুলোতে তল্লাশি চৌকি ও ফায়ার সার্ভিসের বিশেষ টিম মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে।




