গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও আকরাম হোসেনের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বৈঠকে এনসিপির পক্ষ থেকে শর্ত দেওয়ার বিষয়টি নাকচ করে বলেন, মতবিনিময়ের ক্ষেত্রে এনসিপি প্রতিনিধি দল তাদের বিষয়গুলো তুলে ধরেছে এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন।
মাহদী আমিন জানান, জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অভিযাত্রায় এই বৈঠকে রাজনৈতিক সহাবস্থান ও সহিষ্ণুতার প্রতিফলন ঘটেছে। বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ নীতির কথা তুলে ধরে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, গণমানুষের অধিকার, শিল্পের সুরক্ষা ও কর্মসংস্থানসহ জাতীয় স্বার্থে সব পক্ষের ঐকমত্য প্রয়োজন এবং পলাতক স্বৈরাচারের অপশক্তির নাশকতা রুখতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ আছে।
এ ছাড়া তিনি উল্লেখ করেন, সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনেই প্রায় শতাধিক অর্ডিনেন্স আইনে রূপান্তর করা হয়েছে এবং নির্বাচনি ইশতেহার ও ‘জাতীয় জুলাই সনদ’ শতভাগ বাস্তবায়ন করা হবে। অন্যদিকে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস-অগ্নিসন্ত্রাস মোকাবিলা ও রাজনৈতিক ঐক্য নিয়ে আলোচনায় এনসিপি সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে।




