সারাদেশ

দেওয়ানগঞ্জে ১৬টি গাছ নিলামে বিক্রি

দেওয়ানগঞ্জে ১৬টি গাছ নিলামে বিক্রি

দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানায় থাকা ঝড়ে পড়া ১৬টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলার বিভিন্ন বিদ্যালয় এলাকায় থাকা বিভিন্ন প্রজাতির ঝড়ে পড়া মোট ১৬টি গাছ বন কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট কমিটির সভার সিদ্ধান্ত ও অনুমোদনক্রমে নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ জুলাই সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হবে।

নিলাম তালিকায় রয়েছে সরকারি এ.কে.এম ডিগ্রি কলেজের একটি রেন্টি কড়াই গাছ, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের একটি জাম গাছ, পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের পাঁচটি একাশিয়া গাছ ও আটটি একাশিয়া (ডোম) গাছ এবং ডিগ্রীরচর হেফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, তারাটিয়া বাজারের একটি লম্বা গাছ।

নিলামের শর্ত অনুযায়ী, অংশগ্রহণকারীকে ডাক ফর্দে স্বাক্ষর করতে হবে। নিলামে অংশ নিতে কার্যক্রম শুরুর ৩০ মিনিট আগে জামানত হিসেবে ৫০০ টাকা জমা দিতে হবে। ডাক সমাপ্তির পর সর্বোচ্চ দরদাতা ছাড়া অন্য অংশগ্রহণকারীদের জামানতের অর্থ ফেরত দেওয়া হবে।

এতে আরও বলা হয়েছে, সর্বোচ্চ দরদাতাকে ডাক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দরমূল্যের সম্পূর্ণ অর্থ এবং তার ওপর অতিরিক্ত ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট নিলাম টেবিলে পরিশোধ করতে হবে। অন্যথায় তার দর বাতিল বলে গণ্য হবে এবং জমাকৃত জামানত সরকার অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের পর নিলামকৃত গাছ হস্তান্তর করা হবে। এছাড়া নিলামকারী কর্তৃপক্ষ প্রয়োজনবোধে বা কারণ দর্শানো ছাড়াই নিলাম ডাক বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবে।