বিনোদন

বিটিভির নতুন ডিজি : সাংবাদিক কাজী জেসিনকে এক বছরের চুক্তিতে নিয়োগ

বিটিভির নতুন ডিজি : সাংবাদিক কাজী জেসিনকে এক বছরের চুক্তিতে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিনকে নিয়োগ দিয়েছে সরকার। এক বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়।

বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা অনুযায়ী গ্রেড-১ পদপর্যায়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে। অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়। চুক্তির অন্যান্য শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

এর আগে বিটিভির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. মাহবুবুল আলমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। কাজী জেসিন গাইবান্ধায় জন্মগ্রহণ করেন। তিনি কবি ও সাংবাদিক হিসেবে পরিচিত। যুক্তরাজ্যের কামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে টেকসই উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টেলিভিশন, বাংলাভিশন ও যমুনা টিভিতে কাজ করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি গান, নাচ, সংবাদ, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও কৃষি বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করে দেশের বিপুল সংখ্যক দর্শকের কাছে জনপ্রিয়।

নতুন মহাপরিচালকের নেতৃত্বে বিটিভির অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচার আরও সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশন হিসেবে বিটিভি দেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ তুলে ধরার পাশাপাশি উন্নয়নমূলক তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।