লাইফ স্টাইল

দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯

দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯

বাংলাদেশে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৯ জন শিশু। শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে।

সরকারি তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ জন শিশু প্রাণ হারিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট হামে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ ধরা পড়েছে, যার ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৯৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ৭৯ জন শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন। বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার এবং লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।