বিশ্ব

পাকিস্তান হাইকমিশনের বাইরে ‘অবৈধ স্থাপনা’ উচ্ছেদ দিল্লির

পাকিস্তান হাইকমিশনের বাইরে ‘অবৈধ স্থাপনা’ উচ্ছেদ দিল্লির

আন্তর্জাতিক ডেস্ক:


নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে নির্মিত বেশ কিছু ‘অবৈধ স্থাপনা’ উচ্ছেদ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক্সকাভেটর দিয়ে এসব স্থাপনা সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে থাকা ব্যারিকেড সরিয়ে দেওয়ার মাত্র তিন দিনের মাথায় নয়াদিল্লিতে পাকিস্তানি মিশনের বাইরে এই উচ্ছেদ অভিযান চালানো হলো।
অনুমোদিত সীমানার বাইরে নির্মাণের অভিযোগ
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান হাইকমিশনের বাইরে যেসব স্থাপনা ভেঙে ফেলা হয়েছে, সেগুলো অনুমোদিত সীমানার বাইরে নির্মাণ করা হয়েছিল।
পাকিস্তান হাইকমিশনের ভিসা সেন্টারের কাছাকাছি দর্শনার্থীদের সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য তৈরি অবকাঠামোর একটি অংশও উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে কূটনৈতিক চত্বরের বাইরে থাকা নিরাপত্তাবেষ্টনীর কিছু অংশ সরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া হাইকমিশন ঘিরে থাকা ট্রাফিক বোলার্ড ও ব্যারিকেডও অপসারণ করা হয়েছে। অভিযান শেষে সেখানে স্থাপনাগুলোর ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়।
কাশ্মীর ইস্যুতে নতুন করে উত্তেজনা
এদিকে পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মীর ইস্যু ঘিরে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক উত্তেজনাও বেড়েছে। সম্প্রতি শ্রীনগর সফরে গিয়ে জম্মু ও কাশ্মীরকে ভারতের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মন্তব্য করেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। একই সঙ্গে তিনি কাশ্মীর উপত্যকার নিরাপত্তা পরিস্থিতির প্রশংসা করেন।
মার্কিন রাষ্ট্রদূতের ওই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। বুধবার ইসলামাবাদে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ন্যাটালি বেকারকে তলব করে নিজেদের আপত্তির কথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রতিক্রিয়ার বিষয়ে নীরব দিল্লি
তবে পাকিস্তান হাইকমিশনের বাইরে স্থাপনা উচ্ছেদের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান বা ইসলামাবাদের কোনো পদক্ষেপের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে ব্যারিকেড অপসারণ এবং তার কয়েক দিনের মধ্যেই নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা উচ্ছেদের ঘটনায় দুই দেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।