বিশ্ব

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন: মালিক গ্রেপ্তার, নিহত ৯

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন: মালিক গ্রেপ্তার, নিহত ৯

নিজস্ব প্রতিবেদক:


কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয়জনের মৃত্যুর ঘটনায় হোটেলটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার কলকাতার বেহালা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, হোটেলে আগুন লাগার পর থেকেই মালিক কলকাতা ছেড়ে পালিয়ে যান। পরে ঝাড়খণ্ডের ধানবাদে আত্মগোপনে ছিলেন তিনি। শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোডের বাড়িতে ফিরে আসার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেট এলাকার ওই হোটেলে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক ছিলেন।
ঘটনার পর হোটেলটির নিরাপত্তাব্যবস্থা ও অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের পাশাপাশি নিউ মার্কেট এলাকায় ঝুঁকিপূর্ণ হোটেলগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
শুক্রবার অভিযান চালিয়ে নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করে দেওয়া হয়। এর একদিন পর শনিবার আরও ছয়টি হোটেল বন্ধ করে কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিকের গ্রেপ্তারকে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে আগুনের সঠিক কারণ এবং হোটেলের অগ্নিনিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা তদন্ত শেষে স্পষ্ট হবে।