তবে আশার আলো দেখছেন স্কালোনি। বিশ্বকাপের পর প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৪–০ গোলের জয়ে অভিষিক্ত হয়েছেন বোকা জুনিয়র্সের ১৯ বছর বয়সি রাইট উইঙ্গার লিওনেল ফ্লোরেস। মাঠে নেমেই নিজের দুর্দান্ত ড্রিবলিং এবং তিন জন বলিভিয়ান ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়ার দক্ষতা দিয়ে সকলের নজর কেড়েছেন এই তরুণ তুর্কি।
স্কালোনির কড়া নজর ও সতর্কতা
বোকা জুনিয়র্সের মূল দলের হয়ে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলা ফ্লোরেসকে নিয়ে অতিরিক্ত রাখঢাক করতে নারাজ কোচ লিওনেল স্কালোনি। তরুণ এই প্রতিভাকে সঠিকভাবে পরিচর্যা করার ওপর জোর দিয়ে স্কালোনি বলেন, “লিও এটা খুব ভালোভাবে করছে। এখন আমাদের তাকে রক্ষা করতে হবে। তাকে দেখে রাখতে হবে এবং সঠিকভাবে তাকে সামলাতে হবে।”
ফ্লোরেসকে ফ্রাঙ্কো মাস্তানতুওনোর সঙ্গে তুলনা করে আর্জেন্টিনা কোচ আরও যোগ করেন, “সে এমন একজন প্রতিভা, যাকে যত্ন করতে হবে, ঠিক মাস্তানতুওনোর মতো। তাহলেই তারা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে।”
স্বপ্নপূরণের আনন্দ ও কোচের পরামর্শ
জাতীয় দলে অভিষেককে নিজের আজীবন স্বপ্নপূরণ হিসেবে দেখছেন ফ্লোরেস। নিজের অনুভূতি প্রকাশ করে তরুণ এই ফরোয়ার্ড বলেন, “ছোটবেলা থেকেই আমি এই স্বপ্ন দেখেছি এবং এর জন্য চেষ্টা করে এসেছি। আমার পরিবারের জন্য আমি খুবই খুশি, তারা সব সময় আমার পাশে ছিল। এখন আরও এগিয়ে যাওয়ার পালা।”
মাঠে নামার আগে কোচ লিওনেল স্কালোনি তাকে সাধারণ খেলা বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন জানিয়ে ফ্লোরেস বলেন, “তিনি আমাকে বলেছিলেন, বোকায় আমি যা করি, সেটাই করতে। আমি ঠিক সেটাই করেছি এবং পুরো সময় আত্মবিশ্বাস ও শান্ত থেকে খেলেছি।”