জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা দুদক কর্মকর্তা এম এম শাব্বির হাসান ১৫ বছর পর চাকরিতে পুনর্বহাল

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা দুদক কর্মকর্তা এম এম শাব্বির হাসান ১৫ বছর পর চাকরিতে পুনর্বহাল

 

 

গত ৩০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে থাকা সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে পুনর্বহালের অফিস আদেশ জারি করা হয়। দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের স্বাক্ষরে জারি হওয়া এই আদেশ সেদিনই কার্যকর করা হয়। শনিবার (৩ অক্টোবর) দুদক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত থেকে বেকসুর খালাস পাওয়ার পর শাব্বির হাসানের বিরুদ্ধে করা বিভাগীয় মামলার অভিযোগ থেকেও তাকে অব্যাহতি দেয় কমিশন। একই সঙ্গে তাকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশের বিস্তারিত

দুদকের সংশ্লিষ্ট অফিস আদেশের ৬ নম্বর অনুচ্ছেদে জানানো হয়, গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় আদালতের রায় এবং কমিশনের হাইকোর্ট বিভাগে আপিল না করার সিদ্ধান্ত অনুযায়ী এম এম শাব্বির হাসানকে বিভাগীয় মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ৭ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়, তার সাময়িক বরখাস্তের পুরো সময়টি কর্মকাল হিসেবে গণ্য হবে।

পটভূমি

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কমিশন সভায় শাব্বির হাসানকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই শাস্তির কার্যকারিতা স্থগিত রাখা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ আদালত ২০২৬ সালের ২১ মে তাকে বেকসুর খালাস প্রদান করেন।