নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান। এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) এবং জিসান (১৮)।
ঝটিকা মিছিল ও গ্রেপ্তারের বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা একলাশপুর ইউনিয়নের টার্ফের পাশের সড়ক থেকে একটি ঝটিকা মিছিল বের করেন। পরবর্তীতে তারা মূল সড়কে (মহাসড়ক) ওঠার চেষ্টা করেন। সে সময় মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেওয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মিছিল থেকে আটজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে।
পুলিশের বক্তব্য
অভিযানের বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠিসোটা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আটজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই মিছিলের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




