প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্নাইপার’ মন্তব্য করা শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়েছে তার নিজ শিক্ষাপ্রতিষ্ঠান। অভিযুক্ত শিক্ষার্থী রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।
রোববার (২৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আবু বকর সিদ্দিক কলেজের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তার দেওয়া মন্তব্যটি অত্যন্ত গুরুতর ও আপত্তিকর। তাই কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সুপারিশ করেছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার জানান, “একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের কটূক্তিমূলক মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ও অপরাধমূলক। ভবিষ্যতে যেন অন্য কোনো শিক্ষার্থী এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়, সে জন্য তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।”
ইতিহাস বিভাগের শিক্ষকরা জানান, আবু বকর প্রথম বর্ষের শিক্ষার্থী হওয়ায় ক্লাসে আসা- যাওয়া এবং ইনকোর্স পরীক্ষায় অংশ নেওয়া ছাড়া শিক্ষক বা অন্য শিক্ষার্থীদের সঙ্গে তাঁর বাড়তি কোনো ঘনিষ্ঠতা বা অস্বাভাবিক আচরণ চোখে পড়েনি।
জানা গেছে, ঘটনাটি নিয়ে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিস্তারিত আলোচনা শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।




