খুলনায় বকেয়া বাসা ভাড়া চাওড়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামের এক তরুণ ভাড়াটে নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত বাড়িওয়ালা মজলিস খানকে (৭৬) আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাড়িওয়ালা মজলিস খান ভাড়াটে রকিবুল ইসলামের কাছে দুই মাসের বকেয়া ভাড়া চাইতে যান। কথাকাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে বাড়িওয়ালা পাশে থাকা একটি লাঠি দিয়ে রকিবুলের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় রকিবুলকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (২৫ অক্টোবর) সকালে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবির জানান, বকেয়া ভাড়া চাওয়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এই অপ্রীতিষ্কর ঘটনাটি ঘটে। লাঠির আঘাতে গুরুতর আহত ভাড়াটে আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি আরও জানান, মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বাড়িওয়ালাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে




