গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলেও ফ্যাসিবাদ, স্বৈরাচার ও দুর্নীতিবাজ শক্তির বিরুদ্ধে লড়াই শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিভিন্ন অপরাধে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে সরকারের ওপর জনআকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, "ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদের পতন ঘটেছে। তবে এখনো তাদের দোসর ও দুর্নীতিবাজ শক্তির নতুন করে একীভূত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা বর্তমান লড়াইকে আরও কঠিন করে তুলেছে।"
আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থানের পর যে সংস্কার ও কর্মসংস্থানের প্রত্যাশা ছিল, সরকারের ব্যর্থতায় তা ব্যাহত হচ্ছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতার পটপরিবর্তনের পর একটি নির্দিষ্ট দলের ছত্রছায়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে এবং মাদক কারবারে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পরিবর্তন হয়ে নতুন রূপ নিচ্ছে।
পুলিশ প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত রেখে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। সেই সঙ্গে অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ব্যাংকিং খাতের দুর্নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বাংলাদেশ-ভারত গঙ্গার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তিতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে 'গ্যারান্টি ক্লজ' রাখা জরুরি। এ বিষয়ে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন আয়োজনেরও দাবি তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা দক্ষিণ বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




