চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় প্রাইভেটকার ও স্বাধীন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে চকরিয়ার আমতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— ১০ বছরের শিশু মাইশা এবং ইসমত আরা (৫৫)। আহতরা হলেন প্রাইভেটকারের চালক আশিকুর রহমান ও সম্রাট। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিবুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী স্বাধীন ট্রাভেলসের একটি বাসের সঙ্গে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি মহাসড়ক থেকে নিচে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশা ও ইসমত আরার মৃত্যু হয়। আহত আশিকুর রহমান ও সম্রাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাইওয়ে পুলিশ জানায়, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার দুটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




