ছবি: মোঃ সালমান ইসলাম
জাতীয় ঐক্য বজায় থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে কেউ যেন জনগণের অধিকার হরণ করতে না পারে, সে জন্য জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল শত্রু-মিত্র চেনার দিন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যেভাবে দেশের স্বাধীনতা রক্ষা করেছে, একইভাবে ১৯৭৫ সালে সিপাহি-জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল। একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সালের আন্দোলন ছিল স্বাধীনতা রক্ষার। তিনি ৭ নভেম্বরের নায়ক হিসেবে দেশপ্রেমিক সিপাহি-জনতাকে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন, একইভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনেও দেশের পক্ষে লড়াই করেছিলেন।
তিনি অভিযোগ করেন, যারা বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল এবং সশস্ত্র বাহিনীর গৌরব ক্ষুণ্ন করতে চেয়েছিল, সিপাহি-জনতা তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছিল। তবে পরবর্তী সময়েও ষড়যন্ত্র অব্যাহত ছিল। তার ভাষ্য অনুযায়ী, পিলখানায় সেনা হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা দেখা গেছে।
এর আগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আর্মি স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।




