আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তার দাবি, ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ষড়যন্ত্রের সূচনা করেছেন। পরে বাংলাদেশে অবস্থান করে জামায়াতে ইসলামীও এতে যুক্ত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে তার পাশে থেকে কাজ করতে হবে।
সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরে রাশেদ খাঁন বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, বৃক্ষরোপণ এবং খাল ও নদী খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই জাতীয় সনদও ধাপে ধাপে বাস্তবায়নের কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ১৯৯৬ সালের রাজনৈতিক সমীকরণের তুলনা করে রাশেদ খাঁন বলেন, অতীতে যারা গুম, খুন ও ক্রসফায়ারের মতো নির্যাতনের সঙ্গে জড়িত ছিল, তাদের রাজনৈতিক শক্তিগুলো এখন এক জায়গায় আসছে।
তিনি আরও বলেন, ‘৯৬-এর মতো আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।’
এ পরিস্থিতিতে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
তবে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাশেদ খাঁনের এসব অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




