আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, ১৯৮০-এর দশকে ইরাক-ইরান যুদ্ধের সময় থেকে নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে তোলে তেহরান। এতদিন 'সেজিল', 'খাইবার', 'এমাদ' এবং 'ফাত্তাহ'-এর মতো ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে দুই হাজার কিলোমিটার পরিধির মধ্যেই নিজেদের প্রতিরোধ বলয় সীমাবদ্ধ রেখেছিল দেশটি। তবে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মাঝে ইরানের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানান, তাঁদের জন্য পাল্লার এই সীমা আর কার্যকর থাকছে না।
বিশেষজ্ঞদের মতে, ইরান ইতোমধ্যে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার কোনো ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে কি না তা এখনো স্পষ্ট না হলেও, তাদের মহাকাশ ও প্রপালশন প্রযুক্তি ব্যবহার করে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা তেহরানের জন্য অসম্ভব নয়। ইরানের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসবে এবং কূটনৈতিক দরকষাকষিতে তেহরানের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।




