যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ফ্যাসিবাদী শক্তি ও মাফিয়া চক্র টুঙ্গিপাড়ায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এবং থানা আক্রমণের পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। তিনি বলেন, হামলাকারীরা চাইছে সরকার যেন আগের মতো রাজপথে সাধারণ মানুষের ওপর গুলি চালায়, কিন্তু বর্তমান গণতান্ত্রিক সরকার সেই ফাঁদে পা দেবে না।
সরকারের নীতিনির্ধারক হিসেবে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করে কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের ভিডিও ও ছবির মাধ্যমে শনাক্তকরণের কাজ চলছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে আত্মরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনানুগ এবং প্রয়োজনীয় বল প্রয়োগ করবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।




