সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বিচার প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পাওয়া শেখ হাসিনা তার সাঙ্গপাঙ্গসহ ভারতে অবস্থান করছেন এবং দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে প্রত্যর্পণ করতে চায় বাংলাদেশ। তিনি স্পষ্ট করেন, শেখ হাসিনা আসবেন কি না এ নিয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই; বরং তিনি বাংলাদেশ বিমানে, ভারতের বিমানে নাকি হেঁটে ফিরবেন এবং কীভাবে হস্তান্তর হবে—সেই আলোচনা ভারতের সঙ্গেই নির্ধারিত হবে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা নিজেই যেহেতু বাংলাদেশে আসতে চাইছেন, সেহেতু এখন আর কোনো আইনি জটিলতা থাকার কথা নয় এবং ভারত সরকারের উচিত খুশি মনে তাকে প্রত্যর্পণ করে দেওয়া।
এদিকে ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান জানান, সীমান্তে যেকোনো অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব হলেও ডিসেম্বর নিয়ে আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।




