গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিক্ষোভ মিছিলের পূর্বে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও তিনি কীভাবে রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা বলেন; আইনের প্রতি শ্রদ্ধা থাকলে তার উচিত ছিল আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় নিজের বক্তব্য তুলে ধরা।
বক্তব্যে রিজভী পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার সঙ্গে ইমিগ্রেশন কর্মকর্তার দুই ঘণ্টার বৈঠকের প্রসঙ্গ তুলে এর পেছনে দিল্লির ইন্ধন রয়েছে কি না সে প্রশ্ন তোলেন। পাশাপাশি বিদেশ থেকে বিকাশে অর্থ পাঠিয়ে অগ্নিসংযোগ ও বিএনপির তিনজনকে হত্যার জন্য পলাতক আওয়ামী লীগ নেতাদের দায়ী করে তিনি দলটির কার্যক্রম নিষিদ্ধ করার পদক্ষেপকে ন্যায়সংগত বলে উল্লেখ করেন।
বাংলার মাটিতে কোনো স্বৈরশাসকের ঠাঁই হবে না জানিয়ে রিজভী সতর্ক করেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো আঘাতের কঠোর জবাব দেবে বাংলাদেশের মানুষ।




