সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে বাসা থেকে বের হয়ে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বেলা সাড়ে ১১টায় সেখানে পৌঁছান। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেন তিনি; এ সময় সেনাপ্রধানকে পাশে বসিয়ে নিজেই আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে মহড়া প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস ও বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। স্বর্ণদ্বীপের দীর্ঘ কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরে বাসায় না গিয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে সরাসরি সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।




