জাতীয়

স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী

স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে সেখানে অবস্থান নেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা।

অবস্থান সম্পর্কে ফাতিমা তাসনিম জুমা গণমাধ্যমকে জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সবাইকে সর্বাত্মক সহযোগিতা করছে ইনকিলাব মঞ্চ। কিন্তু, ইনকিলাবকে সহযোগিতার বেলায় সবাই হাত গুটিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল হয়ে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় গত ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা করেছিলেন। পরে এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।