খেলা

‘নাহিদ আমাদের জন্য আশীর্বাদ’: অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

‘নাহিদ আমাদের জন্য আশীর্বাদ’: অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

 স্টাফ রিপোর্টার, ক্রীড়া:

ম্যাচসেরা কে হবেন, সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। এই গ্রীষ্মের তাপদাহে দলের বিপর্যয়ের মুখে সেঞ্চুরি করা চাট্টিখানি কথা নয়। আর চট্টগ্রামের ব্যাটিং উইকেটে মুস্তাফিজুর রহমানের ৫ শিকারও দারুণ বিষয়। শেষ পর্যন্ত সেঞ্চুরির জন্য নাজমুল হোসেন শান্ত ম্যাচসেরা হয়েছেন। তবে সিরিজ সেরা যে নাহিদ রানাই হচ্ছেন, সে ব্যাপারে কারও কোনো দ্বিধা ছিল না। সিরিজের তিন ম্যাচে ৮ উইকেট পেয়েছেন। তবে এর চেয়েও বড় বিষয় ছিল, তাঁর বোলিং কাঁপিয়ে দিয়েছে প্রতিপক্ষকে। গতকাল সিরিজ জয়ের পর তরুণ এ পেসারের ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাঁর মতে, নাহিদ রানা বাংলাদেশের জন্য আশীর্বাদ।

ছোট ক্যারিয়ারে এ নিয়ে দুবার ম্যান অব দ্য সিরিজ হলেন নাহিদ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে তানজিদ হাসানের সঙ্গে যৌথভাবে সিরিজসেরা হয়েছিলেন। ২৩ বছর বয়সী এ পেসার এবারও নজরকাড়া পারফরম্যান্স করেছেন। প্রথম ম্যাচে কিছুটা খরুচে বোলিংয়ে মাত্র ১ উইকেট পেলেও পরের ম্যাচে তাঁর ৫ উইকেটে সিরিজে ফেরে বাংলাদেশ। গতকাল ১০ ওভারে ৩৭ রানে নিয়েছেন ২ উইকেট। 

গতকাল বৃহস্পতিবার জয়ের পর নাহিদকে নিয়ে অধিনায়ক মিরাজ বলেন, ‘সে দেশের সম্পদ। আমরা সবাই মিলে তাঁর যত্ন নেওয়ার চেষ্টা করব। তাঁকে পর্যাপ্ত বিশ্রাম দিয়ে খেলাতে হবে যেন তাঁর ওপর চাপ না তৈরি হয়। তাঁর বোলিং দলে ছন্দ নিয়ে আসে। যেভাবে বোলিং করছে, সেটা ধরে রাখতে পারলে বাংলাদেশকে অনেক ম্যাচ জেতাবে সে।’ 

এখানেই থামেননি অধিনায়ক। আলাদা করে বলেছেন নাহিদের গতি নিয়ে, ‘এমন একজন বোলার পাওয়া দেশ ও অধিনায়ক হিসেবে আমার জন্য আশীর্বাদ। ১৪৫ গতিতে বোলিং করলে যে কোনো প্রতিপক্ষ চাপে পড়ে যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত সে একই গতিতে বোলিং করতে পারে, এটা তাঁর বড় অর্জন। আর সে ভীষণ আত্মবিশ্বাসী। এটা অধিনায়ককে স্বস্তি দেয়।’ 

অন্য দুই পেসার মুস্তাফিজ ও শরিফুলেরও প্রশংসা করেছেন তিনি। গতকাল ৫ উইকেট নেওয়া মুস্তাফিজকে বাংলাদেশের কিংবদন্তি হিসেবে উল্লেখ করেছেন। আর দেড় বছর পর এ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা শরিফুলেরও অকুণ্ঠ প্রশংসা করেছেন মিরাজ।

তবে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচ জয়ের কৃতিত্ব নাজমুল হোসেন শান্তকে দিয়েছেন অধিনায়ক মিরাজ। শান্ত-লিটন জুটির কথা তিনি আলাদা করে বলেছেন, ‘খেলার মোড় ঘুরিয়েছেন শান্ত। শান্ত-লিটনের জন্য আজ জিততে পেরেছি। তারা দুজন রানটা করতে না পারলে আমাদের জন্য জেতাটা ভীষণ কঠিন হয়ে যেত। ৩২ রানে ৩ উইকেট পতনের পর এই গরমের মধ্যে তারা যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছেন, সেটা অসাধারণ। তখন তারা যদি একটা বাজে শট খেলতেন, তাহলেই কিন্তু ম্যাচ শেষ হয়ে যেত।’ মুস্তাফিজ, লিটন, শান্ত জাতীয় দলে দীর্ঘদিন ধরে খেলছেন। নিজেদের সেরাটা দেওয়ার জন্য এটাই সেরা সময় বলেও মনে করেন মিরাজ।