জাতীয়

খাল পুনঃখননে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

খাল পুনঃখননে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

 ফরিদপুর প্রতিনিধি

খাল খনন কর্মসূচি সফল হলে কৃষকেরা বিনা খরচে পানি পেতে পারেন। পাশাপাশি স্বল্পমূল্যে সার ও কৃষি উপকরণ সরবরাহের পরিকল্পনাও রয়েছে। সরকারের এ উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলার গুনবহা ইউনিয়নে মধুমতি নদী থেকে কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি দেশব্যাপী নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা কমবে, কৃষি উৎপাদন বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

তিনি অভিযোগ করেন, একটি চক্র কৃত্রিমভাবে তেলসংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে।

উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আজম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহাসহ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে মন্ত্রী দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, ২০০৮ সালের পর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি এবং প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে অনিয়ম করা হয়েছে।

স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় সেচব্যবস্থায় সমস্যা হচ্ছিল। এতে অনেক জমি অনাবাদি হয়ে পড়ে। পুনঃখনন শেষ হলে কৃষি উৎপাদন বাড়বে বলে তাদের আশা।