রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ আসন্ন বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে তিনি প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের দ্রুততম সময়ের মধ্যে থেমে থাকা কাজ সম্পন্ন করতে কঠোর নির্দেশনা দেন। একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
রাসিক প্রশাসক বলেন, জনগণের ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করা জরুরি।
আগামী বর্ষা মৌসুমের আগেই সড়কের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শনের শুরুতে তিনি বর্ণালী মোড়ের পেছনের সড়ক এলাকা ঘুরে দেখেন। পরে হেতেমখাঁ ছোট মসজিদ হয়ে হেতেমখাঁ বড় মসজিদ মোড় পর্যন্ত পুরো সড়কটি পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান ইমনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।