জাতীয়

আগুনে ক্ষতি, তিন পরিবারে তথ্যমন্ত্রীর সহায়তা

আগুনে ক্ষতি, তিন পরিবারে তথ্যমন্ত্রীর সহায়তা

বরিশাল প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়। 

গত শনিবার গভীর রাতে উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে অগ্নিকাণ্ডটি ঘটে। এতে আরিফ সরদার ও তাঁর সহোদর আউয়াল সরদার এবং মান্নান সরদারের বসতঘর ও রান্নাঘর পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। রোববার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি পরিবারকে ঢেউটিন, নগদ অর্থ, কম্বল ও খাদ্য সামগ্রী দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক সোমবার তাঁর কার্যালয়ে আরিফ সরদার, সহদর আউয়াল সরদার ও মান্নান সরদারের হাতে ১০ হাজার টাকা করে তুলে দেন। এই টাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের তহবিল থেকে দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

টাকা বিতরণের সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা, এনায়েত হোসেন খান মনু ও সরল মোল্লা প্রমুখ।