শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৭৫ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) সকালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এ সময় শহীদ শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তাদের পেশাদারিত্ব ও আত্মত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে ২০২৫ সালে সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত ছয় সেনাসদস্যের স্ত্রীদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। দায়িত্ব পালনকালে আহত কয়েকজন শান্তিরক্ষীকেও সম্মাননা দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে ভার্চুয়ালি কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের ২ লাখের বেশি সদস্য বিশ্বের ৪৩টি দেশের প্রায় ৬৩টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে প্রায় ৫ হাজার ৮৬০ জন বাংলাদেশি শান্তিরক্ষী ১০টি মিশনে কর্মরত রয়েছেন। এছাড়া হাইতিতে নতুন একটি শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।