ভারতের দুই মুখ্যমন্ত্রীর আম পাঠাল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
কূটনৈতিক সৌহার্দ্যের অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দুই মুখ্যমন্ত্রীর জন্য ১১০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের এসব আম মঙ্গলবার (৩০ জুন) বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়।
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে আমের চালান হস্তান্তর করা হয়।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫০০ কেজি এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। দুই মিশনের মাধ্যমে মোট ১১০০ কেজি আম ভারতে পাঠানো হয়।
এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৯০০ কেজি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।
প্রতিবছরের মতো এবারো বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।