সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক হলেন জাকারিয়া
অনলাইন ডেস্ক:
সরকারি খাতের সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র বিজনেস, ফাইন্যান্স ও সাপ্লাই চেইন এক্সিকিউটিভ কে এম জাকারিয়া।
অর্থ মন্ত্রণালয় থেকে তিন বছর মেয়াদে তাকেসহ মোট দু’জন বেসরকারি পেশাজীবীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকটিতে সরকারি প্রতিনিধির পাশাপাশি বেসরকারি খাতের অভিজ্ঞদেরও পথচলা যুক্ত হলো।
কে এম জাকারিয়ার সঙ্গে নিয়োগ পাওয়া অন্য পরিচালক হলেন মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী।
কে এম জাকারিয়া বর্তমানে বাংলালিংকে স্ট্র্যাটেজিক প্রজেক্টস কনসালট্যান্ট এবং একই সঙ্গে নিও পিএসপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। টেলিযোগাযোগ, এফএমসিজি, ম্যানুফ্যাকচারিং ও আর্থিক সেবা খাতে তার ৩০ বছরের বেশি সময় নেতৃত্ব দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
অন্যদিকে, নিয়োগ পাওয়া আরেক পরিচালক মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী পেশায় একজন হিসাববিদ। বর্তমানে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম কেএম আলম অ্যান্ড কোম্পানির একজন অংশীদার এবং ডিবিএলের অ্যাকসেসরিজ বিভাগের স্বতন্ত্র পরিচালক হিসেবে কর্মরত।
পাশাপাশি জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অবৈতনিক অর্থ সম্পাদক হিসেবে যুক্ত আছেন। দেশি ও বিদেশি শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানিতে তার ২৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে।
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংককে নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। এই ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবেদুর রহমান সিকদার চলতি সপ্তাহে দায়িত্ব নেবেন। সরকারের পক্ষ থেকে এমডি নিয়োগের পর বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে তার নিয়োগ অনুমোদন করেছে। এমডি দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম জোরদার হবে বলে আশা করা হচ্ছে।